অস্ত্র হাতে রক্ত মেখে যুদ্ধ করেছি মোরা,
দেশ মাতার মুক্তি মোদের জীবন দিয়ে গড়া।
স্বাধীনতার স্বপ্ন মোদের মনের প্রিয় সুখ,
যখন দেখি প্রাণ ভরে যায় বাংলা মায়ের মুখ।
মায়ের কোলে মাতৃভাষায় মা বলে ডাকি,
মাতৃভূমির বক্ষ মোদের রক্তে মাখামাখি।
রক্ত দিয়ে জীবন দিয়ে রেখেছি দেশের মান,
লাখো শহীদের বিনিময়ে আজ বাংলা মোদের প্রাণ।
বাংলা মোদের কণ্ঠস্বর, মোদের মুখের ভাষা,
বাংলা মোদের নিত্য দিনে বেঁচে থাকার আশা।
বাংলা মোদের ছেলেহারা মায়ের হাহাকার,
পিতাহারা ছোট্ট শিশুর আর্ত চিৎকার।
বাংলা মোদের স্বামীহারা বোনের সাদা শাড়ী,
অমর একুশে ফেব্রুয়ারীতে তাদের স্মরণ করি।

No comments:
Post a Comment